![]() |
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
নাটোর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।
শনিবার (১ আগস্ট ) সকাল ১০টার সময় শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, শহর আমির মাওলানা রাশিদুল ইসলাম এবং সদর থানা আমির মীর নুরুন্নবী।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
