![]() |
লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার |
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল হাই সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন মহারাজপুর ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মহারাজপুর ঘোষপাড়া এলাকার একটি টিনসেড ভবনের উত্তর দুয়ারী বসতঘর থেকে তাসকিন আহম্মেদ সুইট (১৮), পিতা—মোঃ বিপ্লব সরকার এবং মোঃ সেলিম (২২), পিতা—সাজদার রহমান আগা, উভয়েই মহারাজপুর, লালপুর, নাটোর—কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

